নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপা থানার চতুরা এলাকার আইয়ুব আলী মন্ডল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইসাহাককে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইসাহাককে গ্রেফতার করে র্যাব।
জানা গেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চতুরা এলাকার নেকবার মন্ডল ও আইয়ুব আলী মন্ডলদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলমান ছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল ইসাহাকসহ তার সহযোগীরা দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র দিয়ে আইয়ুব আলী মন্ডলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে।
আইয়ুব আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইয়ুব আলীর ভাই শওকত আলী মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পর থেকেই আসামী ইসাহাক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।
পরবর্তীতে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত চাঞ্চল্যকর আইয়ুব আলী মন্ডল হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ইসাহাকের অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় সোমবার র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইসাহাককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।







