ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিঠা উংসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার সময় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন ফার্মেসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার। ক্যাম্পাসের ডায়না চত্বর সংলগ্ন বটতলায় প্রাঙ্গণে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কেউ সেলফি তুলছে, আবার কেউ কেউ বন্ধু-বান্ধবী একসাথে দেখতে এসেছে পিঠা উৎসব। অনেকে ভিন্ন ভিন্ন পিঠার স্বাদ উপভোগ করছে। এছাড়াও দেখা যায় অনেকে আগ্রহ নিয়ে ভীড় করে দেখছে সব বাহারি রকমের পিঠা।
জানা যায়, ক্যাম্পাসের মধ্যে গ্রামীণ পরিবেশে পিঠা খাওয়ার অনুভূতি জাগাতে তাদের এই আয়োজন। এবার পিঠা উৎসবে প্রায় ২৫ ধরনের পিঠা সরবরাহ করা হয়েছে। আর এসব পিঠা ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা নিজের হাতে তৈরি করেছে। এসব পিঠা খাওয়ার জন্য নিদিষ্ট কিছু অর্থের বিনিময়ে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
পিঠা উৎসবের আয়োজক ফার্মেসি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মেহজাবিন স্নিগ্ধা বলেন, শীত যায় যায় অবস্থায় ক্যাম্পাসে একটা উৎসবের আয়োজন নিয়ে এসেছি। আমারা ফার্মেসি বিভাগের চার ব্যাচ মিলে এই স্টল দাঁড় করিয়েছি। আর আমরা প্রত্যেক পিঠাগুলোর একটা জেনরিক নাম দিয়েছি। আমাদের স্টলে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে প্রায় ২৫ ধরনের পিঠার আয়োজন করা হয়েছে।
পিঠা উৎসবে আসা আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নয়ন আহমেদ এর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে এমন একটা পিঠা উৎসবের আয়োজন দেখে আমার অনেক ভালো লাগছে। আমিও কয়েকটি পিঠা খেলাম এবং আমি যেন সেই গ্রামের বাড়িতে পিঠা খাওয়ার স্মৃতি ফিরে ফেলাম। আমার মনে হয় ক্যাম্পাসে এমন পিঠা উৎসবের আয়োজন মাঝে মাঝে করা উচিত।







