সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হাসান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে বিক্রয় অযোগ্য ও চিকিৎসকদের সৌজন্যে দেওয়া ঔষধ সংরক্ষণের অপরাধে সোহাগ মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী সোহাগকে ৩০ হাজার টাকা, বিরিয়ানিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অপরাধে নান্না বিরানি হাউজের স্বত্বাধিকারী রাসেলকে ৪০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় কার্নিভাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, র্যাব-১২, জেলা পুলিশ ও গাংনী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় তিন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।







