সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার উল্টে কিশোর সাজ্জাদ হোসেন (১৪) নিহত ও গুরুতর আহত হয়েছে হাসান আলি (১৫) নামের এক কিশোর। বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন উপজেলা চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও গুরুতর আহত হাসান আলী একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়র ও নিহতর পরিবার সূত্রে জানা যায়, আব্দুস সাত্তারের ছেলে হেলালের অবৈধ শ্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বার গাড়ি নিয়ে ইটভাটায় মাটি দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাজ্জাদ হোসেনসহ তার বন্ধুরা। পুরাতন মটমুড়া-মোহাম্মদপুর সড়কে লাটাহাম্বা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।
আহত হাসানকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







