গাংনীতে দুটি বাসের ধাক্কায় হাত হারাতে বসেছে এক নারী
মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে দুটি বাসের ধাক্কায় হাত হারাতে বসেছে এক নারী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে দুটি বাসের ধাক্কায় হাত হারাতে বসেছে আশুরা খাতুন (৪৫) নামের এক নারী। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে গাংনী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। আশুরা খাতুন উপজেলার ষোলটাকা গ্রামের এসকেন আলীর স্ত্রী।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিডি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আঘাতপ্রাপ্ত ডান হাতটি ক্ষতস্থান থেকে কেটে ফেলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আশুরা খাতুনের ছেলে জুবায়ের ইসলাম জানায়, সকালে তার মা আশুরা খাতুনকে পেটের পীড়া সমস্যায় ডাক্তার দেখানোর জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভায়া টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী তারা কুষ্টিয়া থেকে আসিফ পরিবহনযোগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল।

পথিমধ্যে গাংনী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীর সামনে বাসটি এসে পৌঁছায়। অসাবধানতাবশত আশুরা খাতুনের ডান হাতের কনুইয়ের কিছু অংশ জানালার বাইরে বের হয়েছিল। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা তামান্না পরিবহন দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আসিফ পরিবহন বাসের যাত্রী আশুরা খাতুনের কনুইয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় ডান হাতের কিছু অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা বাসটিকে শনাক্ত করতে পারলেও ড্রাইভার সুকৌশলে বাসটিকে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ও ছেলে জুবায়ের ইসলাম আশুরা খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিডি দাস তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে।