সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ব্যবসায়ী রতন আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ জুলাই) বিকালে গাংনী উপজেলার ছাতিয়ান বাসষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ তারিখ সকাল ৯টায় একদল সন্ত্রাসী ব্যবসায়ী রতন আলীর মটরসাইকেল রোধ করে দেশীয় অস্ত্র রড, হাতুড়ী দিয়ে নির্মম ভাবে পেটাতে থাকে।
পিটিয়ে রতনের দুই পা এবং হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়। সেই সাথে তার সাথে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে রতন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে গাংনী থানায় একটি মামলা রজু হয়েছে। ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি আসামীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। মানববন্ধনে বাকি আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের জোর দাবী জানান বক্তারা।







