কুষ্টিয়া প্রতিনিধি:
জনগণ বিএনপিকে বধ করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে অসুরের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। জনগণই তাদের বধ করে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। এই অসুর শক্তিকে ধ্বংস করেই আওয়ামী লীগ আজ রাষ্ট্র ক্ষমতায়।এ দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূলহোতা বিএনপি। মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসল অসুরতো তারাই। যারা নিজেরাই অসুর, তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নামের মতো।
বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ বিএনপির সংলাপ প্রসঙ্গে বলেন, বিএনপি বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার মাধ্যমে এটাই প্রমাণ করছে, যে তাদের প্রতি জনসমর্থন নেই। আর এ কারণেই তারা ছোট ছোট দলগুলোকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। নতুন বছরে বিএনপির লাগাতার আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে যদি বিএনপি কোনও নাশকতা করে, তাহলে তাদের কঠিন মাসুল দিতে হবে। নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জিএম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবেন। তবে ১৪ দলীয় জোট ভাঙার কোনও সুযোগ নেই।
এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







