চুয়াডাঙ্গায় আসামী পালানোর ঘটনায় ৩ পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন
টপ নিউজ আইন-আদালত

চুয়াডাঙ্গায় আসামী পালানোর ঘটনায় ৩ পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালিয়েছে আজিজুল শেখ নামে ডাকাতি মামলার আসামী পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার সন্ধ্যায় তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন পুলিস সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

ক্লোজড হওয়া তিন পুলিশ সদস্য হলো এটিএসআই/২৮৪ মোঃ আনোয়ার হোসেন, কনেস্টেবল/৩৯৪ মো: মিলন হোসেন ও নারী কনেস্টেবল/৪১২ মোছা: বেনজির নাহার।

রোববার সকাল ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে পালিয়ে যায় ডাকাতি মামলার আসামী আজিজুল শেখ। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা পুলিশের একাধিক দল।

আসামী আজিজুল শেখ (৩৮) গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও সদর থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি বর্তমানে জেলা কারাগারে বন্দি ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেয়া হয় আসামী আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে পালিয়ে যায় সে। পরে তার পিছনে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, পালিয়ে যাওয়া আসামী আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।কোট প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ৩ জনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেককে প্রধান করে ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসামীকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।