বিয়ের দিনক্ষণ ঠিক করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
অন্যান্য মেহেরপুর

বিয়ের দিনক্ষণ ঠিক করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

সবার সংবাদ ডেস্ক:

বিয়ের আনুষ্ঠানিকতা ছিল মাত্র একদিন পর। পরিবারের পক্ষ থেকে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু হবু বরকে পছন্দ না হওয়ায় এবং বাবা-মায়ের সিদ্ধান্তকে মেনে না নিতে পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেছেন রুবিনা খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী।

স্কুল ছাত্রী রুবিনা মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের বাজারপাড়ার দিনমজুর রবিউল ইসলামের মেয়ে। রুবিনা হাড়িয়াদহ-মহিষাখালো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়া থেকে রুবিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, তেরাইল গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী এক যুবকের সাথে রুবিনার বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন পূর্বে ওই যুবকের সাথে রুবিনার বিয়ের কথা পাঁকাপোক্ত হয়। সে মোতাবেক রুবিনাকে আংটি পরিয়ে গেছেন ওই যুবক। আগামীকাল শুক্রবার রবিনার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। কিন্তু হবু বরকে রুবিনার পছন্দ হয়নি। অপছন্দের বিষয়টি রুবিনা তার মা-বাবাকেও বলেছিল। তাতেও মা-বাবার মন গলেনি। শেষমেষ কোন উপায় না পেয়ে রুবিনা নিজ শয়নকক্ষের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রাইপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি। তদন্ত করা হচ্ছে।