সবার সংবাদ ডেস্ক:
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বেলা দুইটায় গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায় ৷
এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে ৷তবে গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে ৷ সীমিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।পিজিসিবির সূত্র জানিয়েছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ৷ রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে।
বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন -হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী বলেন, আজ বেলা ২টা ৫ মিনিট থেকেই পুরো ঢাকায় বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি। জানা গেছে বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগের আংশিক স্থানে বিদ্যুৎ নেই। তবে মেহেরপুর জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রয়েছে।







