সবার সংবাদ প্রতিবেদক:
১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মেহেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩০ আগষ্ট) সকাল ১০টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে এই গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রুপ না পায়, যাতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন না হয়, সেজন্য নানা শক্তি মাথা তোলার চেষ্টা করছে। লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সাপ গর্তে লুকিয়ে থাকলেও সময় মত তার ফনা বের হয়। শেখ হাসিনা ও তার দলবল হলো সাপের মত।
একটু অসতর্কতা আমাদের আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে পারে। যারা ঐক্যবদ্ধ থেকে দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম চলিয়েছে, তাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। এটি একটি চক্রান্তের অংশ। বাংলাদেশে যে একটি তরুণ নেতৃত্ব তৈরি হয়েছিল, ক্ষমতার লোভ দেখিয়ে তাদের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে সকল চক্রান্ত মোকাবিলা করে একটু সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করতে অগ্রনি ভুমিকা পালন করা। যে সরকার জনগণের কথা বলবে, জনগণের দাবি পুরণ করবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব জাকির হোসেন, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মেদ, যশোর জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু, বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান। শোক প্রস্তাব পাঠ করেন, জেলা বিএনপির সিনিয়র আহবায়ক আমিরুল ইসলাম। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ভোটের মাধ্যমে জেলা কমিটি গঠন করার কথা থাকলেও সবকটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে গেছেন। সভাপতি পদে জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আখেরুজ্জামান, ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।







