মেহেরপুরে চুরি যাওয়া ৩৯টি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে চুরি যাওয়া ৩৯টি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে এক মাসে ৩৯টি মোবাইল উদ্ধার ও বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মঙ্গলবার (৮ অগষ্ট) বেলা ১২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।

৩৯টি বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মডেলের এই মোবাইল গুলোর আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা। বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ৩৯টি মোবাইল গত ১ মাসে উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে মেহেরপুর পুলিশের সারবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মেহেরপুর সদর উপজেলার ১৩ জনের ১৩টি মোবাইল, মুজিবনগর উপজেলার ১১টি মোবাইল এবং গাংনী উপজেলার ১৫টি সর্বমোট ৩৯টি মোবাইল এবং বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেন। মোবাইল হারিয়ে যাওয়া ভুক্তভোগীরা বলেন মোবাইল হারানোর পর শুধুমাত্র থানায় একটি জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বরাবর একটি দরখাস্ত করেই খুব সহজেই মোবাইল ফোন গুলো ফিরে পেয়েছি।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বলেন, মোবাইল চুরি হলে শুধুমাত্র একটি জিডি করতে হবে। জিডিতে চুরি যাওয়া মোবাইলের আইএমইআই নাম্বার এবং সেই মোবাইলে থাকা সিম কার্ডের নাম্বার জিডিতে উল্লেখ করতে হবে। এরপর সংশ্লিষ্ট থানায় জিডি করার পর মেহেরপুর সাইবার প্রাইম ইনভেস্টিগেশন সেল বরাবর একটি আবেদন করতে হবে তাহলেই মোবাইলটি উদ্ধার করতে আমরা সক্ষম হব।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম, এস আই মনির সহ আরো অনেকে।