ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, দাবি ইরানের
আন্তর্জাতিক

ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান-সংশ্লিষ্ট নৌচলাচলের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মহসেন রেজাই বলেন, প্রত্যাশিতভাবেই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তৃতীয়বারের মতো কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।

তার এই মন্তব্যে আগের দুটি ঘটনারও ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। একটি হলো গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বোমা হামলা অভিযান এবং অন্যটি গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা। উভয় ঘটনাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে ঘটেছিল।

রেজাই আরও বলেন, নৌ অবরোধ অব্যাহত রেখে এবং আলোচনায় অতিরিক্ত দাবি উত্থাপন করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি আলোচনার প্রতি আগ্রহী নন এবং অন্য কোনও উদ্দেশ্য হাসিল করতে চাইছেন।