“স্বপ্ন” গাংনী শাখায় ভোক্তা অধিকারের জরিমানা
আইন-আদালত মেহেরপুর

“স্বপ্ন” গাংনী শাখায় ভোক্তা অধিকারের জরিমানা

সবার সংবাদ প্রতিবেদক:

ভূয়া আমদানীকারক ও বাজারজাতকারীর সীল ব্যবহার করে পণ্য বিপনন করার অপরাধে মেহেরপুরের স্বপ্ন সুপার শপ গাংনী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

উপ-পরিচালক সজল আহমেদ জানান, স্বপ্ন সুপার সপের গাংনী শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান নাভা ডিস্ট্রিবিউশন নামের ভূয়া আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এমএন ট্রেডার্সের সীল ব্যবহার করে সাবান, চকলেট, বিস্কুট ও বডি স্প্রে বিপণন করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালনায় স্বপ্ন সুপার শপে ভূয়া এ আমদানিকারকের সিল পর্যবেক্ষন করে গাংনী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে স্বপ্ন সুপার শপের সকল শাখা থেকে ভূয়া সীল ব্যবহার করা মালামালগুলো তুলে নিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর ও দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মশিউর রহমান ও জেলা পুলিশের একটি টিম।