সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের বটজল নামক মাঠে র্যাব ও মাদক কারবারীর মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মাদক কারবারীর হাসুয়ার কোপে র্যাব সদস্য উত্তম কুমার রক্তাক্ত জখম হন। পরে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি ছুঁড়লে, মাদক কারবারী আবু সাঈদ ওরফে সুইট (২৫) গুলিবিদ্ধ হয়। আবু সাঈদ সুইট হাড়াভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ার আব্দুল হামিদের ছেলে। আহত র্যাব সদস্য উত্তম র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা হাড়াভাঙ্গা গ্রামের বটজল মাঠে অভিযান চালায়। অভিযানে ৬৮ বাতেল ফেনসিডিলসহ আবু সাঈদকে আটক করে। এসময় সাঈদ তাদের কাছ থেকে পালাতে নিকটে থাকা হাসুয়া দিয়ে র্যাব সদস্য উত্তম কুমারকে কোপ মারে। এসময় হাসুয়ার কোপে র্যাব সদস্য উত্তম কুমার এর মাথা কেটে রক্তাক্ত হয়। মাথার কিছু চুলও কেটে মাটিতে পড়ে। আত্মরক্ষার্থে র্যাবের অন্যান্য সদস্যরা গুলি করলে, মাদক কারবারী সাঈদের পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় চিকিৎসার জন্য সাঈদ ও উত্তমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বটজলের মাঠে ৬টি বিকট শব্দ হয়। তবে সেটি বোমার শব্দ নাকি গুলির শব্দ তা দূর থেকে সঠিক বোঝা যায়নি। পরে জানতে পারি গুলিবিদ্ধ অবস্থায় সুইটকে আটক করেছে র্যাব। আহত সকলকে চিকিৎসার জন্য কুষ্টিয়া নেওয়া হয় ওই রাতেই।
তবে আবু সাঈদ গত ৬ মাস আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে সে মাদক কারবারীর সাথে জড়িয়ে পড়ে। কুষ্টিয়া ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ আহত সুইট ও র্যাব সদস্য এসআই উত্তমের চিকিৎসা চলছে। তারা আশঙ্কা মুক্ত। র্যাব সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক জানান, বিষয়টি নিয়ে ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের নিয়ে বিফ্রিং করবে। এখন আমরা রোগী নিয়ে ব্যস্ততায় আছি।







