সবার সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর ছোট ভাই রবিউল ইসলাম পলাতক রয়েছেন। রবিউলের স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার দুপুরে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজিবুলের মৃত্যু হয়। আহত তাঁর স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্ত রবিউলকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।







