শিক্ষার্থীদের সৎ,দেশপ্রেমী হতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
টপ নিউজ মেহেরপুর

শিক্ষার্থীদের সৎ,দেশপ্রেমী হতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সরকারী মহিলা কলেজের নবীণবরণ অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই জন্য নারী শিক্ষার ভ‚মিকা রয়েছে। আজ দেশে নারী ইউএনও, ওসি, ডিসি, এসপি, স্পীকার, মন্ত্রী, বিচারপতি, প্রধানমন্ত্রী নারী। এটা সম্ভব হয়েছে নারী শিক্ষার অগ্রগতি এবং নারীর প্রতি সরকারের সমদৃষ্টিভঙ্গির কারণে। নারীরা কর্মক্ষেত্রে এখন অনেক সফল। অভিভাবকদের সচেতনতা এবং উৎসাহ এর পিছনের কারণ। পাশাপাশি সরকার নারীদের জন্য সুন্দর নিরাপদ একটি পরিবেশ ও সুযোগ তৈরী করে দিয়েছে। যে দেশ যত উন্নত সে দেশের নারীরা তত অগ্রসর। সরকার নারী শিক্ষার উন্নয়ন ও অগ্রগতিকে আরও গতিশীল করতে নানামুখী কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা নিচ্ছে।

শনিবার (৪ মার্চ) দুপুরে সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং অত্র কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে নির্মিত প্যান্ডেলে দাঁড়িয়ে নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন- নবীন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিয়ে এবং তাদের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে দেশের জন্য উপযোগী ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিবাবকদের আরও বেশি আন্তরিক হয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী মেহেরপুরের এগিয়ে যাওয়ার তথ্য উল্লেখ করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে বলেন-মেহেরপুরে মেরিন ইন্সটিটিউট হচ্ছে। নার্সিং কলেজ হচ্ছে। মুজিবনগরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে। স্থলবন্দর চেকপোষ্ট হচ্ছে। মেহেরপুর রেলপথ সংযোগের আওতায় এসেছে। পুলিশ লাইনের পাশে আইটি পার্ক হচ্ছে। বন্দরে ছহিউদ্দিন বিশ্বাস টেক্সটাইল কলেজ হচ্ছে। এ জেলার সব স্কুলের নতুন বহুতল ভবন হয়েছে। শতভাগ বিদ্যুৎ হয়েছে। ভৈবর খনন হয়েছে। সেখানে ছিপ নিয়ে মাছ ধরেই ১হাজার থেকে ১৫শ টাকা আয় হয়। এ সবকিছুই করা হচ্ছে এই জেলার প্রজন্মকে এবং প্রতিটি পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন-সরকার উন্নত দক্ষ এবং শিক্ষিত জনশক্তি তৈরী করতে বদ্ধপরিকর। এইজন্য প্রতিটি শিক্ষার্থীকে সৎ, দেশপ্রেমী, নেতৃত্বগুনাবলী সম্পন্ন ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হতে হবে। তবেই পথভ্রষ্ট না হয়ে সঠিকভাবে এগিয়ে যাবে নতুন প্রজন্ম। আর কোন ষড়যন্ত্রই এদেশকে পিছিয়ে দিতে পারবে না। এদেশ পৌঁছে যাবে স্মার্ট বাংলাদেশে।

শনিবার নানা আয়োজনে মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা লাল শাড়ি পড়ে রঙিন সাজে কলেজে প্রবেশ করলে কলেজের প্রবীন শিক্ষার্থীরা তাদের ফুল ছিটিয়ে মিষ্টিমুখ করিয়ে এবং ফুল উপহার দিয়ে একাদশ শ্রেণীর নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার কয়েক শতাধিক মানুষ।