প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই চলেছে রাষ্ট্র-সংবিধানে নয়: ফয়েজ আহমদ তৈয়্যব
টপ নিউজ মেহেরপুর

প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই চলেছে রাষ্ট্র-সংবিধানে নয়: ফয়েজ আহমদ তৈয়্যব

সবার সংবাদ প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশে রাষ্ট্র পরিচালিত হচ্ছে সংবিধান দিয়ে নয়, বরং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায়। ব্যক্তি প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদ নেতা, মন্ত্রিসভার প্রধান এবং কার্যত বিচার বিভাগসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তারকারী হয়ে উঠেছেন। ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না। 

শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের সামসুজ্জোহা পার্কে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতার এই অতিমাত্রায় কেন্দ্রীকরণের কারণে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশ ও বিচার বিভাগ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। এর ফলে রাষ্ট্র একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। অকার্যকর রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার টিকিয়ে রাখতে সাংস্কৃতিক ফ্যাসিবাদ চালু করে। বিরামহীন ক্ষমতা ও সাংস্কৃতিক আধিপত্যবাদের যুগল চাপে দেশের প্রধানমন্ত্রীদের একের পর এক স্বৈরাচার হয়ে উঠতে দেখা গেছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্বৈরাচারী শাসনের ফল হিসেবে দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারছেন। এতে রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে পড়ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো উন্নয়ন ও কল্যাণের প্রতিশ্রুতি দিলেও শিক্ষা উপবৃত্তি, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কিংবা উন্নয়ন বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়নের কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা নেই। রাষ্ট্রকে কার্যকর করতে প্রকৃত ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি উল্লেখ করে বলেন, শক্তিশালী সাংবিধানিক আদালত, স্বাধীন সংসদ এবং সমন্বিত বিচার ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর এবং জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক।