পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
টপ নিউজ মেহেরপুর

পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সবার সংবাদ প্রতিবেদক:

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মেহেরপুর জেলা জামায়াতের আমীর তাজউদ্দিন খানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনে আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে ন্যায়—ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যেখানে প্রতিটি মানুষ তার অধিকারকে ফিরে পাবে। আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বো। একটা কল্যাণময় রাষ্ট্র আমরা গঠন করতে চাই। তাই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, কল্যাণময় রাষ্ট্র এবং মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এই দেশে যদি ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হয়, মানবিক বাংলাদেশ যদি গড়তে হয়, আইনের শাষণ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার বিপরীতে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদকে অবিলম্বে বাস্তবায়ন, ফ্যাসিস্ট সরকারের বিচার এবং জাতীয় পার্টিসহ তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমীর মহাবুবুল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, উপজেলা আমীর সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর খানজাহান আলী, গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের আগে জেলা জামায়াতের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পড়ে শোনানো হয়।