মুজিবনগরে ট্রান্সফরমার ভেঙ্গে তামার তার চুরি/বিপাকে চাষীরা
টপ নিউজ মেহেরপুর

মুজিবনগরে ট্রান্সফরমার ভেঙ্গে তামার তার চুরি/বিপাকে চাষীরা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের পাশে বেগুন মাঠ থেকে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে তামার তার চুরি করে নিয়ে গেছে চোরের দল। বুধবার ভোরে চোরেরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে ভেতরের তামার তার চুরি করে পালিয়ে যায়। এতে বন্ধ হয়ে পড়েছে দুটি ডিপ টিউবওয়েল। ফলে তীব্র খরার মধ্যে ৫০০ বিঘা জমির ফসল আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে।

এছাড়াও আমন ধান রোপণ ও সবজি চারা রোপণের ভরা মৌসূমের ট্রান্সফরমারের তার চুরি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষীরা। চাষীরা জানান, গেল ৪/৫ দিন আগে একই উপজেলার নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে আরও ছয়টি ট্রান্সফরমার থেকে একইভাবে তামার তার চুরি হয়েছিল।

ক্ষতিগ্রস্থ ডিপটিউবওয়েল মালিক শরিফুল ইসলাম জানান, এখন ভরা চাষ মৌসূমে। অনাবৃষ্টি আর খরার কারনে প্রায় ২৪ ঘন্টাই সেচ পাম্প চালাতে  হচ্ছে। মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত তিনি ডিপটিউবওয়েল ঘরে ছিলেন। বাড়ির যাওয়ার পর চোর হানা দেয়। তারা বৈুদ্যৃতিদক খুঁটিতে উঠে ছয়টি ট্রান্সফরমার নিচে নামিয়ে আনে। ট্রান্সফরমারগুলো খুলে তামার চার বের করে নিয়ে পালিয়ে যায়।

ক্ষয়ক্ষতির বিষয়ে শরিফুল ইসলাম বলেন, ছয়টি ট্রান্সফরমার কিনতে চার লাখ টাকার উপরে খরচ হবে। পল্লী বিদ্যুত থেকে বিনামূল্যে পাওয়ার সুযোগ নেই বলে আমাকে কিনতে বলেছে। এ মুর্হূতে ট্রান্সফরমার কেনার সাধ্য না থাকায় চাষাবাদ করা সম্ভব নয় বলে জানান তিনি। তিনি আরও জানান, দুটি ডিপটিউবওয়েলের আওতায় ৫শ বিঘা মত জমি আবাদ হয়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, ট্রান্সফরমার চুরি বন্ধে চাষীদের সতর্কতামূলক কার্যক্রম এবং চোর আটকের জোর চেষ্টা চলছে।