সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশী সিসা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ অক্টোবর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া গ্রামে ১১৬ নং পিলারের বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি সিসা উদ্ধার করে।
জানা গেছে বুড়িপোতা সীমান্ত বিজিবি নায়েব সুবেদার তৌহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল থাকাকালীন সময় খালপাড়া মাঠে খড়কুটা দিয়ে ঢাকা ৪টি প্লাস্টিকের বস্তায় পরিত্যাক্ত অবস্থায় ১২০ কেজি সিসা উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে চোরাকারবারিরা ভারতে পাচারের উদ্দেশ্যে ওই স্থানে সিসা গুলো রেখে দেয়।
নায়েব সুবেদার তৌহিদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে চোরাকারবারীরা সিসাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই বাঁশবাগানের মধ্যে জড়ো করেছিল। বিজিবির টহল দলকে দেখে চোরাকারবারীরা সিসাগুলো রেখে পালিয়ে যায়। সিসাগুলো উদ্ধার করে মেহেরপুর কাষ্টম অফিসে জমা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিসার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।







