সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।







