সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে দিন দুপুরে নাজমুল আলী (১৮) নামের এক ভ্যান চালকের মোবাইল ফোন প্রতারণা করে চম্পট দিলেন এক যুবতী। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার শহীদ আরজ সড়কে এই প্রতারণার ঘটনা ঘটে। প্রতারিত যুবক মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পূর্বপাড়ার বাদল আলীর ছেলে।
তিনি বলেন, আজ আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট আনুমানিক ২০ বছর বয়সের একটি মেয়ে আসেন। তিনি মেহেরপুর যাবেন আবার আধা ঘন্টার একটি কাজ শেষ করে পিরোজপুর ফিরে আসবেন। এমন কথা বলে ২শ ৫০ টাকায় আমার সাথে কন্টাক্ট করেন।
তিনি বলেন পিরোজপুর থেকে নূরপুর, কোলা হয়ে মেহেরপুর শহরে পৌঁছান। পরে তার খালার বাড়ি যাবেন বলে এখানে নিয়ে আসেন। এই রাস্তার পাশেই ওনার খালার বাড়ি সেটা দেখিয়ে একটি নাম্বার তুলে নেওয়ার জন্য আমার মোবাইল ফোনটি চান। আমি বিশ্বাস করে ওনার হাতে আমার মোবাইল ফোনটি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওই যুবতীর জন্য অপেক্ষা করছিলাম। বেশকিছুক্ষণ অপেক্ষা করার পরও তিনি ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুজির পরও তাকে আর দেখতে পাইনি। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি খুব বড় প্রতারণার স্বীকার। খুব কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে এই ফোনটা কিনেছি। আমি এর বিচার চাই।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।






