মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার ( ৯ আগষ্ট) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে গাংনী ও মেহেরপুরের রাজনীতি শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বিএনপি'র তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান এক দফা আন্দোলন বাস্তবায়ন ও আগামী দিনে গাংনীর সার্বিক উন্নয়ন বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। তিনি বলেন, ৪০ বছর ধরে এই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

আমার রাজনৈতিক জীবনে ২০০৫ সালে আমার উপর হামলা হয়েছিলো। সেসময় আমার বেঁচে থাকার কথা নয়। মাঝে প্রায় ৪-৫ বছর আমি রাজনীতি থেকে দূরে সরে ছিলাম মনের কষ্টে। করোনাকালীন সময়ে আমি মানুষের পাশে থেকেছি। আজকে অধিকাংশ নেতরা মনে করেন নৌকা পেলেই আমি এমপি, ধানের শীষ পেলেই আমি এমপি। আমার এত জনসেবা করার প্রয়োজন নেই। কিন্তু জনসেবাটা হচ্ছে একজন মানুষ হিসেবে বড় নৈতিক কর্তব্য। আমি সেই কাজটি জন্মলগ্ন থেকে করে আসছি। ২০০৮ সালে যখন আমি নির্বাচন করার প্রস্তুতি নিলাম তখন আমাকে গুলি করা হলো, বোম মারা হলো।

বিএনপি নেতা মো: আব্দুল্লাহ বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যদিয়ে একটি নির্বাচন হয়ে একটি সরকার গঠন হোক। তিনি আরও বলেন, তিনি সংসদে যেতে পারলে মেহেরপুরকে ঢেলে সাজাবেন। এছাড়া শিক্ষা, শিল্প কলকারখানা, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রতি দেন।

এসময় তিনি ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন বলে দাবি করেন বলেন গাংনীতে যারা বিএনপির রাজনীতি করছে তারা তার হাতের তৈরি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সভাপতি মুরাদ হোসেন, মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান খোকন ও সাবেক সহসভাপতি আব্দুস সালাম।

মতবিনিময় সভায় মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, গাংনী প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।