মেহেরপুরে প্রসুতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে প্রসুতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে দারুস সালাম ক্লিনিকে অপারেশনের সময় সুমাইয়া খাতুন নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী।

গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে অপারেশন টেবিলে সুমাইয়া খাতুন নামের এক প্রসূতির মৃত্যু হয়। মেহেরপুর দারুস সালাম ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামের মিলন হোসেনের স্ত্রী। এই দম্পত্তির ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত সুমাইয়ার স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় সুমাইয়া খাতুনকে মেহেরপুর সরকারী কলেজের বিপরীতে দারুস সালাম ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ক্লিনিকের মালিক ডা. আব্দুস সালাম অপারেশন শুরু করেন। তাকে অ্যানেসথেসিয়া হিসেবে সহযোগিতা করেন ডা. শাহেদ আলী। সুমাইয়ার শরীরে ইনজেকশন দেওয়ার পরেই সে অসুস্থ হয়ে পড়ে এবং অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশন করার সময় প্রসূতির মৃত্যু হয়। তবে সদ্য প্রসূত কন্যা সন্তান সুস্থ রয়েছে।

মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, বিষয়টি শুনেছি, ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।