মেহেরপুরে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি নাহিদ আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি নাহিদ আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর শহরে ইজাজ আবাসিক হোটেল থেকে অটো চালক আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি নাহিদকে (২০) আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার বিকালের দিকে মেহেরপুর শহরের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ সদর উপজেলার উজুলপুর গ্রামের আলমগীর বাদশার ছেলে। সেই সাথে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করার পর আব্দুর রহমানের হাত-পা বেঁধে জবাই করে হত্যা করে বলে স্বীকার করেছে নাহিদ। শুধুমাত্র তার অটো ছিনতাইয়ের জন্যই আব্দুর রহমানকে হত্যা করে সে। ছিনতাই করা অটোটি মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করে নাহিদ। হত্যার চারদিন আগে নাহিদ চুয়াডাঙ্গায় যাওয়ার কথা বলে অটো চালক আব্দুর রহমানকে ডেকে নেন। আব্দুর রহমানকে হত্যার পর থেকেই নিখোঁজ ছিলো নাহিদ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত সোমবার (১২ জুন) ভোরের দিকে এই হত্যা মামলার অপর দুই আসামি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দীনবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে রাজু শেখকে গ্রেফতার করেছিলো পুলিশ।

উল্লেখ্য গত রোববার (১১ জুন) বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ইজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমানের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।