সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন শহরে। তিনি বামুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন জানান, সোমবার রাত্রে বামন্দী শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নাশকতার লক্ষে ১০ ফেব্রæয়ারী রাতে বামন্দী শহরের একটি মাদ্রাসায় বিএনপির নেতাকর্মী গোপন বৈঠক করছিল।
সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দুইটি ককটেল বিষ্ফোরণের ঘটায। পরে ওই স্থান থেকে অবিষ্ফোরিত আরও ৫টি ককটেল, ২টি রাম দা ও বেশ কয়েকটি লাঠিসোটা উদ্ধার করে পুলিশ। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করে। ওই ঘটনায় ১৮ জন সহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। ওই মামলার আসামি হিসাবে আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কারাগারে পাঠানো হয়েছে।







