কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
আন্তর্জাতিক

কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের লড়াই এড়ানো সম্ভব, এর স্পষ্টতম ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে তার দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

রবিবার সিএনএনকে ট্রাম্প বলেন, পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান চুক্তির দিকে এগোলে নতুন মার্কিন সামরিক হামলা ‘অত্যন্ত অসম্ভব’। সিবিএসের ৬০ মিনিটসকে তিনি বলেন, যুদ্ধ বাড়াতে তিনি চান না।

ইরান ও যুক্তরাষ্ট্র নীরবে একটি স্পর্শকাতর সমঝোতা নিয়ে আলোচনা করছে। তবে ওয়াশিংটন আশার মাত্রা সংযত রাখছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, তিনি বলবেন না যে আমরা অগ্রগতির দ্বারপ্রান্তে। ট্রাম্পও স্পষ্ট করেছেন, সামরিক বিকল্প টেবিলে আছে।

নির্বাচনের পর কী বদলেছে

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, পরাজয়ের কারণগুলোর একটি যুদ্ধ। ট্রাম্প ৬০ মিনিটসকে বলেন, তিনি এ মূল্যায়নের সঙ্গে দ্বিমত করেন না। ভোটাররা যুদ্ধ পছন্দ করেননি, তা স্বীকার করেন তিনি। তবে আবার সিদ্ধান্ত নিতে হলে তার উত্তর হবে দ্ব্যর্থহীন হ্যাঁ।

নির্বাচনের ফল নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইছে ইরানও। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমেরিকান ভোটাররা তাদের সিদ্ধান্ত নিয়েছেন। এবার হোয়াইট হাউসের নিজের সিদ্ধান্ত নেওয়ার সময়। ইরান বারবার হুমকি দিয়েছে, আবার হামলা হলে যুদ্ধ ভৌগোলিকভাবে ছড়িয়ে দেবে।

আলোচনার বিষয় কী

ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে চান, যা তেহরান জাতীয় সার্বভৌমত্বের বিষয় মনে করে। ইরান বলছে, সাত পূর্বশর্ত পূরণ না হলে তারা এ নিয়ে আলোচনা করবে না বা হরমুজ খুলবে না। এর মধ্যে আছে সব ফ্রন্টে যুদ্ধের অবসান ও নৌ-অবরোধ প্রত্যাহার।

সমৃদ্ধ ইউরেনিয়ামের কয়েকশ কেজি ইরানের কোথাও লুকানো আছে, যা তেহরান দর-কষাকষিতে ব্যবহার করছে। প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ইউরেনিয়াম লঘু করা বা অন্য দেশে স্থানান্তর চায়। ইরানের দাবি, তাদের কর্মসূচি জ্বালানি উৎপাদনের জন্য।

ইরান নিষেধাজ্ঞা শিথিলও চায়। বিদেশি ব্যাংকে তাদের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ জব্দ রয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি ও শীর্ষ কমান্ডাররা নিহত হন; এর ক্ষতিপূরণও চায় তেহরান। কাতার মধ্যস্থতা করছে এবং একটি কাঠামো নথি ঘুরিয়ে দিচ্ছে, যা দুই পক্ষই সংশোধন করছে। সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিস যাওয়ার আগে রুবিও বলেন, এখন পর্যন্ত এটি খুব ফলপ্রসূ হয়নি, কারণ ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু ক্ষেত্রে অযৌক্তিক, হাস্যকর এবং বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের আস্থা প্রায় নিঃশেষ। পারমাণবিক আলোচনা চলাকালেই সংঘাত শুরু হয়েছিল, ইরান তা ভোলেনি। তাদের আশঙ্কা, দর-কষাকষির শক্তি ছাড়লে আবার হামলা হতে পারে।

ইরান হরমুজ প্রণালি পরিচালনা করতে চায়, যে পথে আরব দেশগুলো অধিকাংশ তেল-গ্যাস রফতানি করে। এটি যুক্তরাষ্ট্রের দাবির বিপরীত। দেশটি খোলা জলপথ চায়। ইরানকে বেশি ক্ষমতা দেওয়া নিয়ে আরব প্রতিবেশীরাও বিভক্ত।