সবার সংবাদ ডেস্ক:
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ১৬০টি ভোট। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চারটি আসনের বিপরীতে বাংলাদেশসহ ছয়টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। আগামী ২০২৩-২৫ মেয়াদের ওই নির্বাচনে বাংলাদেশ, মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান নির্বাচিত হয়েছে।
মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান যথাক্রমে পেয়েছে ১৫৪, ১৪৫ ও ১২৬ ভোট। নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হওয়ার পরে দুই ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়।
৪৭-সদস্য বিশিষ্ট মানবাধিকার কাউন্সিলের সদস্যরা গোপন ব্যালটের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকে। এর আগে বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত কাউন্সিলের সদস্য ছিল। নিয়ম অনুযায়ী দুই মেয়াদে সদস্য থাকার পরে অন্তত এক বছর বাদ দিয়ে কোনও দেশ নির্বাচন করতে পারবে।
বাংলাদেশের জয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই মর্যাদাপূর্ণ জয়টি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ ২০১৮ সালের পর এটি বাংলাদেশের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক নির্বাচন। এশিয়া প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ৭টি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চারটি আসনের একটি পেয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের ফলাফল জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং অঙ্গীকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।







