গণভোটসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
অন্যান্য মেহেরপুর

গণভোটসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

সবার সংবাদ প্রতিবেদক:

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং জাতীয় নির্বাচন ও গণভোট পৃথক অনুষ্ঠানের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি-জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে এবং নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত তারা মেনে নেবে না।

নেতারা বলেন, সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি করতে হবে। দেশের রাজনৈতিক সংকট সমাধান এবং জনগণের মতামত প্রতিফলনে গণভোট আয়োজন জরুরি বলেও মন্তব্য করেন তারা।

মিছিলে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।