সবার সংবাদ প্রতিবেদক:
‘এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’ এমন হুমকি সম্বলিত একটি চিরকুট এবং একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
দোকানি শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ব্যবসা-বাণিজ্য শেষে গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। আজ বুধবার সকালে দোকান খুলতে এসে তিনি ঝাপের সামনে লাল কটেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুটটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।







