সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম এবং সজীব সরদার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া ষোলটাকা সড়কের অভিযান চালিয়ে রবিউল ইসলাম এবং সজিব সরদারকে আটক করা হয়।আটক রবিউল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাঝি গ্রামের মান্নান সরদারের ছেলে এবং সজীব সরদার একই এলাকার আজিজুল সরদারের ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা রাত একটা থেকে জোরপুকুরিয়া ষোলটাকা সড়কে অবস্থান গ্রহণ করেন। দীর্ঘক্ষন অবস্থানের পর সকাল সাড়ে পাঁচটার দিকে মাদক কারবারীরা মোটরসাইকেল যোগে ওই সড়ক দিয়ে যাবার পথে তাদের ব্যারিকেট করে। এ সময় মোটরসাইকেলে রাখা একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের বহনকরা “টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি” মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।







