সবার সংবাদ ডেস্ক:
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন। ৬৮ লাশের মধ্যে নারী ৩০, পুরুষ ১৭ ও শিশু ২১ জন।
এদিকে জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পযর্ন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে ১৩ জনের লাশ পাওয়া গেছে। উদ্ধার করা তিন লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। শনাক্তের কাজ চলছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে কাজ চলছে।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।







