স্পোর্টস ডেস্ক:
নিন্দুকেরা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের ফাঁক খুঁজেছেন অনেকবার। ড্রেসিংরুমে তাদের মধ্যে তিক্ততার গুঞ্জনও উঠেছিল। তাছাড়া মেসি বিশ্বকাপ জিতে আসার পর পিএসজির অভ্যর্থনায় এমবাপ্পে না থাকায় অনেকের ভ্রু কুঁচকে গিয়েছিল। কিন্তু সময় যত গেছে, বিশ্বকাপের দুঃখ ভুলে গেছেন এমবাপ্পে, মেসির সঙ্গে এখন তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
গোল করে একে অন্যের সঙ্গে উদযাপন দুই তারকার ফুটবলপ্রেমীদের জন্য বুকভরা স্বস্তির ব্যাপার। কদিন আগে মেসি ফিফার বর্ষসেরা হওয়ার পর এমবাপ্পের অভিনন্দন বার্তা পান। ওইদিন ফরাসি ফরোয়ার্ড ইনস্টাগ্রামে লেখেন, ‘বাড়িতে আরেকটি ট্রফি। অনেক অভিনন্দন লিও মেসি, তুমিই সেরা।
এবার ক্লাব সতীর্থের অর্জনে মেসিও বিশেষ বার্তা দিতে ভুলে যাননি। শনিবার নঁতের বিপক্ষে যোগ করা সময়ে গোল করে রেকর্ড গড়েন এমবাপ্পে। পিএসজির জার্সিতে ২০১তম গোলে ক্লাবের শীর্ষ গোলদাতার আসনে বসেন তিনি। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে অভিনন্দন জানান মেসি।
ইনস্টাগ্রামে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছেন, এমবাপ্পে, রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। এই ম্যাচে ১২ মিনিটে গোল করে মেসিও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ক্লাব ক্যারিয়ারে ৭০১তম গোল করেছেন এবং অ্যাসিস্ট ২৯৯টি। মানে ১ হাজার গোলে অবদান রাখলেন তিনি। আরেকটি গোল করলে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৮০০ গোল হবে তার। আর্জেন্টিনার জার্সিতে তার গোল ৯৮টি।







