দেশে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত
টপ নিউজ স্বাস্থ্য

দেশে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক:

দেশে করোনাভাইরাস নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’ শনাক্ত হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে এর উৎপত্তি হয়েছে বলে রবিবার (২৩ অক্টোবর)  জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। আইসিডিডিআর,বির  প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানানো হয়।

আইসিডিডিআর,বি বলছে, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৯২টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে এবং তাতে দেখা গেছে ভাইরাসটি এখনও সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে, জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ওমিক্রন বিএ.২ সাব ভ্যারিয়েন্ট ৮৪ শতাংশ এবং বিএ.৫ ভ্যারিয়েন্ট ১৬ শতাংশ শনাক্ত করা হয়েছিল। এই সাব-ভ্যারিয়েন্টগুলোর বেশিরভাগই  নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর) সারাদেশে ছড়িয়ে থাকা ভাইরাসগুলোর ৮৫ শতাংশই উপস্থিত ছিল। এছাড়া গবেষণা চলাকালে আরেকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট বি এম ১.১.১ শনাক্ত হয়েছিল।

এ সাব-ভ্যারিয়েন্টটি এর আগে সিঙ্গাপুরে উল্লেখযোগ্য পরিমাণ সংক্রমণ ঘটিয়েছে। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হংকংসহ অন্তত ১৭টি দেশে এই সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।