বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে মেহেরপুরে জমে উঠছে ফুলের দোকানগুলো
অন্যান্য মেহেরপুর

বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে মেহেরপুরে জমে উঠছে ফুলের দোকানগুলো

সাকিব হাসান রুদ্র: 

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন। আর তাই বসন্তকে বরণ করে নিতে যেমন চাই রঙিন ফুল, তেমনি ভালোবাসা দিবসের এই দিনে প্রিয় মানুষটিকে অন্তত একটি লাল গোলাপ দিতে চায় সবাই। এজন্য মেহেরপুরে আগেভাগেই ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। তাই আগে থেকেই অনেক ব্যবসায়ীরা চাষীদের কাছে ফুলের অর্ডার দিয়ে রাখছেন চাহিদা মতো।

বিশেষ তিনটি দিবসকে ঘিরে মেহেরপুরে জমজমাট ফুল বাজার। মেহেরপুর শহরের হোটেল বাজার, বড় বাজারসহ বিভিন্ন স্থানে ফুলের দোকান রয়েছে। দোকানগুলোতে ফুল বিক্রি শুরু হয়েছে আজ থেকে। বিভিন্ন দিবসে, বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলের চাহিদা রয়েছে। তবে ফেব্রæয়ারি  মাসে ফুলের চাহিদা বেশি থাকে।

বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে ফুলের চাহিদা আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। আজ ১৪ ফেব্রæয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার দিবসে ফুল দেয়া-নেয়ার মধ্য দিয়ে চলবে ভালোবাসার আদান-প্রদান।

গোলাপ, ডালিয়া, ডায়ানথাস, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, জারবেরা, গাদাসহ নানা ফুল শোভা পাবে মানুষের হাতে, কিশোরী-তরুণীদের খোঁপায় কিংবা মাথায়। সোমবার সকালে মেহেরপুর শহরের ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, নানা বয়সী মানুষের ভিড়। কেউ ফুল কিনতে এসেছেন, কেউ ফুলের দাম জানতে এসেছেন, আবার কেউ ভালোবাসা দিবসে প্রিয়জনকে কেমন ফুল উপহার দিবেন আগে থেকেই পছন্দ করতে এসেছেন।

ফুল ব্যবসায়ীরা বলছেন, এবার ভালোবাসা দিবসের সাথে ফাগুন যুক্ত হয়েছে। তাই ফুলের চাহিদা থাকবে বেশি। সেই জন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে ফুল চাষীরাও প্রস্তুত ফুল বিক্রির জন্য। তারা মনে করছে এবার যেহেতু একই দিনে দুটি দিবস সেখানে এবার ভাল বেচা-কেনা ভাল হবে এবং লাভ হবে এমন আশা তাদের। তবে ফুল ব্যবসায়ী ও চাষীরা খুশি থাকলেও ক্রেতারা খুশি হতে পারছেন না।

ক্রেতারা বলছেন, বছরের অন্যান্য সময় প্রতিটি গোলাপ ১০ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া গেলেও ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে সেই ফুলের দাম এইসময় নেওয়া হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। প্রতিটি ফুলের মূল্য বেড়েছে দ্বিগুণ।