সবার সংবাদ প্রতিবেদক:
বৈরী আবহাওয়ার কারণে মেহেরপুরে বিভিন্ন স্থানে নির্ধারিত ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হওয়ায় মুসল্লিরা মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকায় উন্মুক্ত স্থানে বড় জামাত আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
ফলে স্থানীয় প্রশাসন ও ধর্মীয় নেতাদের পরামর্শে নামাজ পূর্ব নির্ধারিত স্থানে না হয়ে প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। শিশুরা বাবার হাত ধরে, কেউবা পুরো পরিবার নিয়ে ঈদের জামাতে নামাজ পড়তে আসেন।
মেহেরপুরে পৌর ঈদগাহর পরিবর্তে সকাল ৮ টার সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ মসজিদে। এতে ঈমামতি করেন মাওলানা শাহা জামাল। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাসস্ট্যান্ড জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এলাকার মুসল্লিরা। এতে ঈমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম।
অপরদিকে গাংনী উপজেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়াও উপজেলার সকল গ্রামে নামাজের সময়সূচি কিছুটা পিছিয়ে ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। বিশেষ করে ইরান থেকে শুরু করে যে সব দেশে মুসলিম নির্যাতিত হচ্ছে তাদের মুক্তির জন্য দোয়া করা হয়।
মুসল্লিরা জানান, ঈদগাহে একসঙ্গে নামাজ আদায়ের আলাদা আনন্দ থাকলেও বৈরী আবহাওয়ার কারণে মসজিদে নামাজ আদায় করেও তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে পেরেছেন। অনেকে এটিকে পরিস্থিতি বিবেচনায় একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।







