সবার সংবাদ ডেস্ক:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু বলেছেন কিশোর-কিশোরী বিশেষ করে ট্রান্সজেন্ডার কমিউনিটির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এবং পারিবারিক অনুপ্রেরণা প্রয়োজন। পাশাপাশি জরুরি কমিউনিটি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি। তিনি বলেন অগ্রাধিকার ভিত্তিতে সর্বাগ্রে প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগগুলো বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ডেপুটি স্পিকার আরো বলেন, বিজ্ঞানসম্মত প্রযুক্তি নির্ভর শিক্ষা পৌঁছে দিতে হবে নতুন প্রজন্মের হাতে। জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে জাতীয় কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-২০৩০ এর জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দকৃত বাজেট-এর বার্ষিক বিশ্লেষণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। জাতীয় কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-২০৩০ এর জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দকৃত বাজেট-এর বার্ষিক বিশ্লেষণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে সারাদিনব্যাপী জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভয় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য অধিকার এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রণীত জাতীয় কর্মকৌশলের ব্যয় পরিকল্পনা (কস্টেড প্ল্যান) অনুমোদনের আহ্বান জানান বিশেষজ্ঞরা। দাবী করেন সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজেটের সুস্থ বাস্তবায়নের। বক্তারা আরো জোর দেন গণমাধ্যমে গণপ্রচারণার মধ্য দিয়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করে তোলার উপরও।
গবেষণায় নিযুক্ত প্রধান কন্সাল্টেন্ট সায়েমা চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার কিশোর-কিশোরীদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে। তিনি বলেন আমাদের এই বার্ষিক বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত বাজেট প্রয়োজনের তুলনায় এখনো কম, পাশাপাশি বরাদ্দকৃত বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন এখনো চ্যালেঞ্জের মুখে। তবে সবার আগে প্রয়োজন জাতীয় কর্মপরিকল্পনার কস্টেড প্ল্যান এর দ্রæত অনুমোদন।
সায়েমা চৌধুরী বলেন এক বিশ্লেষণে দেখা গেছে, কর্মপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ৭ মন্ত্রণালয়ে ন্যস্ত হলেও সিংহভাগ বাস্তবায়নের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। মূল বাজেটের প্রায় ৮০ শতাংশ বরাদ্দ প্রশিক্ষণ, কর্মশালা এবং সচেতনতা বৃদ্ধি-এই তিন খাতে। কোভিড এই জাতীয় কর্মপরিকল্পনাকে ব্যাপকভাবে বাধাগ্রস্থ করেছে। তিনি আরও বলেন ২০২১ এবং ২০২২ সালে সেই সংকট কাটিয়ে আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এসআরএইচআর প্রধান ড. ফেরদৌসি বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, অপরাজেয় বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু,পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিচালক (এমসিএইচ) মোঃ মাহমুদুর রহমান,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন ডিরেক্টর আফরোজ মহল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নীলিমা ইয়াসমিন, ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প পরিচালক রাজিয়া সুলতানা, ইয়েস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শামিম আহমেদ প্রমূখ।






