সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জেলা বিএনপির সভাপতির নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি কর্মী মজিদুল ইসলাম ও তার ভাই মহিরুল ইসলাম।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে গাড়াবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সাজ্জাদ হোসেন পলাশ জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নাম ব্যবহার করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, চাঁদাবাজি, হামলা-মামলার হুমকি এবং সালিশের নামে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তার কর্মকাণ্ডে স্থানীয়রা অতিষ্ঠ বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রায় পাঁচ বছর আগে জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের কাছ থেকে সাড়ে ১৬ শতক জমি ক্রয় করেন মজিদুল ইসলাম। ওই জমিতে তিনি বসতঘর নির্মাণ ও গাছপালা রোপণ করেন। জমির বৈধ কাগজপত্র ও রেকর্ড থাকা সত্ত্বেও সাজ্জাদ হোসেন পলাশ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ মকলেচুর রহমান, আবুল কালাম ও তাদের সহযোগীরা জোরপূর্বক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জমি দখল করেন বলে দাবি করা হয়। এতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
এ ঘটনায় মেহেরপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মামলার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগীরা।







