আপডেট: সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক
সারাদেশ

আপডেট: সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

সবার সংবাদ ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের পর সড়ক মেরামত করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় সড়ক মেরামতের কাজ শেষে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) রুমনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর ফলে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামত করেছে ২০-ইসিবি।

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটির সাজেক ভ্যালি। ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর থাকে জায়গাটি। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় পর্যটকরা ছুটে আসছেন। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েন। 

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন,‌ ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকা পড়েন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সবমিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’