আইসিসির হল অব ফেমে চন্দরপল-কাদির
খেলাধুলা ক্রিকেট

আইসিসির হল অব ফেমে চন্দরপল-কাদির

স্পোর্টস ডেস্ক:

আইসিসির হল অব ফেমে যুক্ত হচ্ছেন শিবনারায়ণ চন্দরপল, শার্লট এডওয়ার্ডস ও আব্দুল কাদির। সিডনির প্রথম সেমিফাইনালের আগে এই তিন ক্রিকেটারকে সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি। তাদের মধ্যে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির মরণোত্তর স্বীকৃত পাচ্ছেন।

২১ বছরের সমৃদ্ধ ক্যারিয়ারে চন্দরপল ব্যতিক্রমী ব্যাটিং স্টান্স আর দুই চোখের নিচে কালো রঙ নিয়ে মাঠে নামার জন্য ২২ গজে ভীষণ পরিচিত। তবে ক্রিজে অসীম ধৈর্য ছিল তার ব্যাটিংয়ের মূল প্রতীক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুরুর দিকে আসা-যাওয়ার মাঝে থাকলেও একপর্যায়ে মিডল অর্ডারে দলের ভিত ছিলেন তিনি-ই।

সাধারণত সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার অন্তত ৫ বছর পর এই স্বীকৃতির জন্য বিবেচিত হন কেউ। ও হিসাবে হল অব ফেমের ১০৭তম সদস্য চন্দরপল ২০১৬ সালে অবসরে গেছেন।

১০৮তম সদস্য এডওয়ার্ডস হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন নারীদের ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য। সাবেক ইংলিশ ক্রিকেটার ১৬ বছর বয়স থেকে খেলা শুরু করে প্রায় দুই দশক ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। মেয়েদের ওয়ানডেতে তার করা ৫ হাজার ৯৯২ রান এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ। তার অবদানের কথা মাথায় রেখে ২০২১ সালে ইংল্যান্ডে মেয়েদের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি তার নামেই রাখা হয়।

মরণোত্তর স্বীকৃতি পাওয়া আব্দুল কাদির হল অব ফেমের ১০৯তম সদস্য। পাকিস্তানের লিজেন্ডারি এই লেগ স্পিনার ৬৭ টেস্ট খেলে ২৩৬টি উইকেট নিয়েছেন। তার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৭ সালে ৫৬ রানে নেওয়া ৯ উইকেট তার সেরা বোলিং। ১৯৯৩ সালে সর্বশেষ ম্যাচ খেলা কাদির প্রয়াত হয়েছেন ২০১৯ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩।