যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান পাকিস্তানে
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তিনি উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার এবং কূটনীতির মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ বেকারের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা মোহাম্মদ ইসহাক দার বৈঠকে জোর দিয়ে বলেন, অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো আলোচনা ও কূটনীতি। তিনি এই বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক শান্তি রক্ষা ও আলোচনায় সহায়তা করার ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ বেকার।