যুবরাজ সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ঘোষণা
আন্তর্জাতিক

যুবরাজ সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) সৌদির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রাজকীয় ডিক্রি জারি করেছেন তিনি। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজকীয় ডিক্রিতে যুবরাজের নেতৃত্বে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছে। বাদশাহ সালমান তার আরেক সন্তান প্রতিরক্ষা উপমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন। আর ইউসুফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। যদিও এ সংক্রান্ত বিস্তারিত জানায়নি রিয়াদ।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ তাদের পদে বহাল রয়েছেন বলে ডিক্রিতে দেখা গেছে।

সৌদির প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে এমবিএস নামে পরিচিত সৌদির প্রভাবশালী এই ক্রাউন প্রিন্স মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন এবং মঙ্গলবারের রাজকীয় ডিক্রিতে তিনি কার্যত পদোন্নতি পেয়েছেন। এই কথাটি ব্যাপকভাবে প্রচলিত যে, সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবের বাদশাহ হলেও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই সৌদির প্রকৃত শাসক।

মোহাম্মদ বিন সালমানের জন্ম ১৯৮৫ সালের ৩১শে আগস্ট। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফালাহ বিন সুলতানের সন্তান মোহাম্মদ বিন সালমান। সিংহাসন বসা থেকে একধাপ দূরে আছেন তিনি। সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য প্রকাশিত তার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে, যা ভিশন ২০৩০ নামে পরিচিত। ইতোমধ্যে এর বেশ কিছু বাস্তবে রূপ দিয়েছেন তিনি। খবর সৌদি গেজেটের।