ট্রাম্পের চিঠিও উপেক্ষা, পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছেন কিম
আন্তর্জাতিক

ট্রাম্পের চিঠিও উপেক্ষা, পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উদ্দেশ্যে তাঁকে চিঠিও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্পের সেই উদ্যোগে সাড়া দেননি কিম। উল্টো দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছেন উত্তর কোরীয় নেতা। গত বছর ট্রাম্প একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এমনকি চিঠি পাঠিয়েও কিমের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয় হোয়াইট হাউস।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সরকারি টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ট্রাম্প। কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তাঁকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, একদল মার্কিন কর্মকর্তা ওই কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন। উত্তর কোরিয়ার এক কূটনীতিক সেখান দিয়ে যাওয়ার সময় তাঁরা দ্রুত তাঁর হাতে চিঠিটি তুলে দেন। কিন্তু পরে জাতিসংঘের একটি বৈঠকে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই একজন মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। এসব আলোচনার প্রধান উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। তবে পর্যবেক্ষকদের ধারণা, বর্তমানে কিমের মধ্যে এ বিষয়ে তেমন আগ্রহ নেই। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার আগ্রহও তাঁর মধ্যে দেখা যাচ্ছে না।

সম্প্রতি এশিয়া সফরের সময়ও কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কিম এমন কিছু শর্ত দিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওই সময় দেশটির হাতে আনুমানিক ২০ থেকে ৩০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। বর্তমানে সেই সংখ্যা প্রায় ৬০টিতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরে রাখা যায় এবং চলন্ত যান থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। ফলে উৎক্ষেপণের আগে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

গত ফেব্রুয়ারিতে এক ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে মেনে নিলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় দুই দেশকে দীর্ঘস্থায়ী সংঘাতের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কও আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং। একই বছর মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, উত্তর কোরিয়া রাশিয়াকে রকেট ও কামানের গোলা সরবরাহ করছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও বিপুল অর্থ সংগ্রহ করছে উত্তর কোরিয়া। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় বিন্যান্স এক্সচেঞ্জ থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে দেশটির বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ জানুয়ারি কিম ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম প্রথম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ‘এমনটা কখনোই হবে না।’ পরবর্তী সময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি জানিয়ে ট্রাম্প বলেছিলেন, সহজ কোনো চুক্তি করে বিজয় ঘোষণা করতে চান না তিনি; বরং দেশটির পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ বিলুপ্তি চান।