টানা ৪ দিন বন্ধ থাকছে সকল ব্যাংক!
অর্থনীতি অন্যান্য

টানা ৪ দিন বন্ধ থাকছে সকল ব্যাংক!

সবার সংবাদ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সরকারি ছুটির সিদ্ধান্তের ভিত্তিতেই এই দুই দিন ব্যাংক ও বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই নির্দেশনা কার্যকর হবে।

১১ ও ১২ ফেব্রুয়ারির এই বিশেষ ছুটির পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় দেশে টানা চার দিনের ব্যাংক বন্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে এই দীর্ঘ ছুটির আগে প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সেরে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং ও এটিএম বুথ সেবা যথারীতি সচল থাকবে।