সবার সংবাদ ডেস্ক:
সময় টিভির ইউটিউব চ্যানেল এখন নিরাপদ। রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সময় সংবাদের ইউটিউব চ্যানেলের দর্শকরা সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘SOMOY TV' , ‘SOMOY TV Bulletin’, ও অন্যান্য চ্যানেলগুলোতে চ্যানেলের নাম পরিবর্তন হওয়াসহ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন।
এরপর দ্রুত চ্যানেলের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয় এবং হ্যাকারের অ্যাক্টিভিটি বন্ধ করা হয়। তবে এখনও চ্যানেলের নাম হ্যাকারের দেয়া নামটিই রয়ে গেছে; কারণ ইউটিউবের সাপোর্ট টিম বিস্তারিত তদন্তের জন্য কোনো প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন।
সময় টিভি কর্তৃপক্ষ দর্শকদের অবগতির জন্য জানিয়েছে, ‘চ্যানেলটি এখন হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত এবং খুব শিগগিরই আমরা আবার স্বাভাবিকভাবে ফিরে আসব, সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
এছাড়া ঠিক একই সময়, সময় টিভির পরিচালনাধীন দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘somoynews.tv’ তেও হ্যাকাররা অ্যাটাক করে এবং সময় টিভির সাইবার সিকিউরিটি টিম টের পাওয়ার সাথে সাথে তা নিয়ন্ত্রণে নেয় এবং কোনো প্রকার ডাউনটাইম ছাড়াই তা সমাধান করে।
সময় টিভির হেড অব ব্রডকাস্ট এবং আইটি হেড সালাউদ্দিন সেলিম তার ফেসবুক আইডিতে জানান, আজ ১২টা ৩০ মিনিটে সময় টিভি’র ইউটিউব চ্যানেল হঠাৎ করে হ্যাকারদের কবলে পড়ে। সময় টিম টের পাওয়ার ১০ মিনিটের মধ্যে হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত করে সময় এর নিয়ন্ত্রণে নেওয়া হয়।







