সকল দলের লোকজনই সরকারের সমান সুযোগ সুবিধা ভোগ করছে-খোকন
অন্যান্য মেহেরপুর

সকল দলের লোকজনই সরকারের সমান সুযোগ সুবিধা ভোগ করছে-খোকন

সবার সংবাদ ডেস্ক:

বিএনপি-জামাতসহ সকল দলের লোকজনই শেখ হাসিনা সরকারের সমান সুযোগ সুবিধা ভোগ করছে। সকলেই নিরাপদে নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারে বলে মন্তব্য করেছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনীর হিন্দা এইচ এম এইচ ভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে এ কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন প্রতিবন্ধী, বয়স্ক, শিক্ষাবৃত্তি ও বিধবাভাতাসহ সকল সকল সুযোগ সুবিধায় কখনো কোন দলীয়করণ হয়নি। বর্তমান সরকারে এতো উন্নয়নের পরেও কেনো দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করতে রাস্তায় নামতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকলের চিন্তা করেন। আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন একাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সামীনা প্রাচীর উদ্বোধন শেষে নবীন বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাইলা আরজুমান বানু, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, মিজানুর রহমান রানা, মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।