সবার সংবাদ ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানাবেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সেখানে তাকে অনার গার্ড প্রদান করবেন। রাষ্ট্রপ্রধান মোটর শোভাযাত্রায় পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাবেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করবেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেবেন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়ে সই করবেন। বিকালে তার বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।







