সবার সংবাদ ডেস্ক:
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ছয় জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধার করা মৃতদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি ও বোদার করতোয়ায় দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জের করতোয়ায় দুটি, বোদায় আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে কাজ চলছে।
এদিকে জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা প্রশাসনের কাছে রোববার রাতে ৬৬ জনের তালিকা দিয়েছেন। সে অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন।







