পিছিয়ে পড়েও শেষ হাসি রিয়ালের
খেলাধুলা ফুটবল

পিছিয়ে পড়েও শেষ হাসি রিয়ালের

স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা পরের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে। তবে ঘুরে দাঁড়ালো তারা। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে এস্পানিওলকে হারালো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

দ্বিতীয় মিনিটে রিয়ালের রক্ষণ চিড়ে গিলের বাড়ানো বল লক্ষ্যে মেরেছিলেন ব্র্যাথওয়েট, কিন্তু তার বাঁ পায়ের শট এডার মিলিতাও স্লাইডে ব্লক করেন। ছয় মিনিট পর স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে জাল কাঁপান জোসেুল। রুবেন সানচেজ বক্সের মধ্যে নিচু শটে বল পাঠান। থিবো কোর্তোয়াকে কোনও সুযোগ না দিয়ে ১-০ করেন জোসেলু।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। ১৪ মিনিটে কামাভিঙ্গার শট রুখে দেন এস্পানিওল কিপার পাচেকো। ২১ মিনিটে ভিনিসিউসের ক্রসে দানি কারভাহাল গোলবারের উপর দিয়ে বল মারেন। পরের মিনিটে ভিনিসিউস একার প্রচেষ্টায় পাচেকোকে পরাস্ত করেন।

তিন মিনিট পর এস্পানিওল কিপার দারুণ দক্ষতায় ব্যবধান বাড়তে দেননি। রদ্রিগোর শট পা দিয়ে আটকান তিনি, বল রিয়ালের দখলেই ছিল। লুকা মদরিচ নেন ফিরতি শট, কিন্তু জার্মান তারকা লক্ষ্যে রাখতে পারেননি বল। বিরতিতে যাওয়ার আগেই লিড নেয় রিয়াল। শুয়ামেনির বাড়ানোর ক্রসে ব্যাকপোস্ট থেকে শক্তিশালী হেডে ২-১ করেন মিলিতাও।

দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে রদ্রিগোর ফ্রি কিক এস্পানিওলের রক্ষণদেয়াল পার হলেও ক্রসবারে আঘাত করে। তিন মিনিট পর ভিনিসিউসের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করেন পাচেকো। ব্যবধানটা মাত্র এক গোলের হওয়ায় পয়েন্ট হারানোর যে শঙ্কায় দুরুদুরু কাঁপছিল রিয়ালের বুক, তা উধাও হয়ে যায় ইনজুরি সময়ে। নাচোর অ্যাসিস্টে মার্কো আসেনসিও করেন তৃতীয় গোল।  

এই জয়ে শীর্ষ দল বার্সেলোনার (৬২) চেয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্টের ব্যবধান ছয়ে নামালো রিয়াল। ২৫ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মাদ্রিদ ক্লাব।